কাল টাঙ্গাইলসহ সারা দেশের জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
কাল টাঙ্গাইলসহ সারা দেশের জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা—যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও প্রস্তুতির অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্য মূল্য ও অধিকার পান, সে লক্ষ্যেই সরকার ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে প্রি-পাইলটিং হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে সারা দেশে এ কর্মসূচি বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামীকালের কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরও বলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী কৃষকদের অধিকার আদায়ে আন্দোলন করেছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে এই কর্মসূচি উদ্বোধন হওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম মোহাম্মদ, জেলা প্রশাসক শরীফা হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার ‘কৃষি কার্ড’ চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে কৃষকরা বিভিন্ন সুবিধার পাশাপাশি বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তাও পাবেন।

আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।