বিশ্ববাজারে তেলের দামে ফের অস্থিরতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
বিশ্ববাজারে তেলের দামে ফের অস্থিরতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।

একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনমনীয় অবস্থান, অন্যদিকে তেহরানের পক্ষ থেকে আলোচনার অনাগ্রহ—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার সকালের বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৭৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪.৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার লেনদেনের এক পর্যায়ে এটি ৯৭.৫০ ডলার পর্যন্ত স্পর্শ করেছিল।

তবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম কিছুটা কমে ৮৬.৫১ ডলারে অবস্থান করছে।

বাজার সংশ্লিষ্টরা জানায়, বিনিয়োগকারীরা এখন বুধবারের ‘ডেডলাইন’ পর্যন্ত অপেক্ষা করছেন, যা গত ৭ এপ্রিল কার্যকর হয়েছিল।

বুম্বার্গকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং কোনো ‘খারাপ চুক্তি’ করার জন্য তিনি তাড়াহুড়ো করবেন না।

ট্রাম্প আরও জানান, যদি কোনো স্থায়ী শান্তি চুক্তি না হয়, তবে পশ্চিম এশিয়ায় সামরিক হামলা বা বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

জানা গেছে, এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বের শত শত তেলের জাহাজ এখন বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কার বন্দরগুলোর দিকে যাত্রা করছে।

এদিকে, তেহরানের অবস্থানও বেশ কঠোর। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আপাতত দ্বিতীয় দফার কোনো আলোচনার পরিকল্পনা তাদের নেই।

তিনি আরও জানান, ইরানের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারা কোনো ধরনের আল্টিমেটামে বিশ্বাসী নয়।