ট্রাম্পকে কেন ঘণ্টা উপহার দিয়েছেন রাজা চার্লস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ট্রাম্পকে কেন ঘণ্টা উপহার দিয়েছেন রাজা চার্লস

ব্রিটিশ রাজা চার্লস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি বিশেষ উপহার দিয়েছেন। যেটি এই দুই দেশের সামরিক জোটের গুরুত্বকেও তুলে ধরে।

তিনি তাকে ‘এইচএমএস ট্রাম্প’ নামের একটি যুদ্ধকালীন সাবমেরিনের আসল ঘণ্টাটি উপহার দেন।

১৯৪৪ সালে প্রথম চালু হওয়া রাজকীয় নৌবাহিনীর সাবমেরিনের টাওয়ারের ঘণ্টা এটি।

রসিকতা করে রাজা বলেছেন, ‘আর যদি কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান… তাহলে শুধু ঘণ্টাটি বাজালেই হবে!’

সাবমেরিনটির নামের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামের কোনো সম্পর্ক নেই।

তবে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘণ্টাটি মূলত দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায়ের প্রতীক।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই উপহারটি ১৯৭৬ সালে রানি এলিজাবেথের যুক্তরাষ্ট্র সফরের সময় উপহার দেওয়া দ্বিশতবার্ষিকী লিবার্টি বেলের স্মৃতি মনে করিয়ে দেয়।

একই সঙ্গে কানাডার বিষয়ে নিজের ভূমিকার কথা ট্রাম্পকে মনে করিয়ে দেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর যে দাবি করেছিলেন তাতে অসন্তুষ্ট ছিলেন কানাডিয়ানরা।

তাই রাজা যখন নিজের কানাডার রাজা পরিচয়ের কথা উল্লেখ করেন, তখন সেসব নাগরিক খুশি হয়েছিলেন।

রাজা স্পষ্ট করেছেন, ‘খেলাধুলার ক্ষেত্রে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে বিশ্বকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ও কানাডা। তাই এক অর্থে, মিস্টার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দুজনেই এই আয়োজনের যৌথ আয়োজক!’

‘প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা দৃঢ়’ করতে রাজা ন্যাটো ও অকাসের জোটের গুরুত্বের কথা তুলে ধরেন।

তার ভাষ্য, ‘যাতে আমরা একত্রে এই ক্রমবর্ধমান জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি।’