ঘাটাইলে অপহরণ করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২
টাঙ্গাইলের ঘাটাইলে ঝড়কা এলাকায় সংঘটিত ছিনতাই ও অপহরণ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ঘাটাইল থানা পুলিশ। এ ঘটনায় ছিনতাইকৃত একটি ইজিবাইক উদ্ধারসহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হলে যাত্রীবেশে ২ জন দুর্বৃত্ত তার ইজিবাইকে ওঠে। পরে ঝড়কা এলাকা অতিক্রম করে একটি নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারযোগে আরও ২ জন যোগ দিয়ে মোট ৪ জন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে।
এ সময় তাকে মারধর করে তার ব্যবহৃত ইজিবাইক, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরবর্তীতে ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর কালিহাতী থানা এলাকার একটি ব্রিজের কাছে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর মামলা দায়ের হলে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানের তত্ত্বাবধানে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিন, এএসআই সুমন কুমার সরকারসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর জেলার সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকা থেকে লিটন আহমেদ (২৫) ও মেহেদী হাসান (২৪) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি অটো শো-রুম থেকে ভিকটিমের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও পলাতক অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য গোপনের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে বাকি আসামিদের গ্রেফতার এবং মূল পরিকল্পনাকারীকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর আগে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







আপনার মতামত লিখুন
Array