টাঙ্গাইলে বৈশাখী মেলায় পরিকল্পিত হামলা: কিশোরের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ
টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়নের কুউজ বাড়ি বাজার সংলগ্ন ২ মে-২০২৬ খ্রিঃ বৈশাখী মেলায় নানার বাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মাহমুদুল হক রিয়াদ (১৬) নামে এক কিশোর। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত মাহমুদুল হক রিয়াদ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বার্তা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,বৈশাখী মেলায় ঘুরতে এসে হঠাৎ একদল দুর্বৃত্ত রিয়াদকে ধাওয়া করে পাশের চকের দিকে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র রামদা ও চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় রিয়াদের বাম পায়ের কবজির উপরে গভীর কোপ লাগে এবং তার পায়ের পাঁচটি রগ কেটে যায় বলে জানা গেছে। এছাড়াও তার ডান হাতেও গুরুতর আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, হামলার সময় রিয়াদ অনেক কাকুতি-মিনতি করলেও হামলাকারীরা তাকে রেহাই দেয়নি। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়নের কুউজ বাড়ি গ্রামের মোঃ বিজয় (২০),পিতা মোঃ শফিকুল ইসলাম এবং তার বাবা মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা মৃত খোদা বক্সের। তামিম (১৯) পিতা গাজী মিয়া মোঃ হৃদয় (১৮) পিতা জুলহাস সর্বসাং কুইজ বাড়ী পরিবারের সদস্যরা জানান,রিয়াদের সঙ্গে অভিযুক্তদের পূর্ব কোনো শত্রুতা ছিল না। তারা দাবি করেন,সম্পূর্ণ অকারণে ও পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আহত রিয়াদের পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবা-মা একটি সরকারি ঘরে বসবাস করে কষ্টে জীবনযাপন করছেন। ছেলের চিকিৎসা ব্যয় বহন করতেও তারা হিমশিম খাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ,অভিযুক্ত বিজয় এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে,এলাকায় বিভিন্ন সময় মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়েছে। তারা আরও জানান,বিজয় ও তার সহযোগীদের কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য,অভিযুক্ত শফিকুল ইসলাম স্থানীয় আওয়ামী যুবলীগের একজন সাবেক নেতা ছিলেন বলেও জানা গেছে। এলাকাবাসীর দাবি,শফিকুল ইসলাম,তার ছেলে বিজয় ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। ঘটনার পর আহত রিয়াদের বাবা মোঃ রিয়াজ উদ্দিন টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় রিয়াদের পরিবার,স্বজন ও স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন,কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।






আপনার মতামত লিখুন