ঘাটাইলে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আনোয়ার কাজী
টাঙ্গাইলের ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়নে প্রবল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আনোয়ার কাজী।
শুক্রবার (৮ মে) ইউনিয়নের বিভিন্ন এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে নতুন ঢেউটিন বিতরণ করেন তিনি।
সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সন্ধানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবার ঘরের চালা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের খবর জানতে পেরে আনোয়ার কাজী নিজস্ব তহবিল থেকে তাদের সহায়তায় এগিয়ে আসেন।
জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামের অত্যন্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের ঘর মেরামতের জন্য নতুন ঢেউটিন প্রদান করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
টিন বিতরণকালে আনোয়ার কাজী বলেন, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ঝড়ে আমার ইউনিয়নের বেশ কিছু পরিবার ঘর হারিয়ে কষ্টে আছে জেনে আমি ঘরে বসে থাকতে পারিনি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের মাথা গোঁজার ঠাঁই ফিরিয়ে দিতে সামান্যতম সহায়তা করে, তাহলেই আমি সার্থক। ভবিষ্যতেও সন্ধানপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।
এদিকে আকস্মিক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এক সুবিধাভোগী বৃদ্ধ বলেন, ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়ার পর কীভাবে আবার ঘর তুলব তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। আনোয়ার কাজীর দেওয়া টিন আমাদের জন্য অনেক বড় সহায়তা।
স্থানীয় সচেতন মহল আনোয়ার কাজীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতার পরিচয় বহন করে।






আপনার মতামত লিখুন