ট্রাক উল্টে নিহত ১৫
‘আমার চাচা, চাচাতো ভাই-বন্ধুরা সবাই মারা গেছে’
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই বাড়ি ফেরার পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন— নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্র বাড়ি এলাকার সাগর মিয়া ও রবিউল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নজরুল ও মামুন এবং নওগাঁর নিয়ামতপুর মালঞ্চী এলাকার সারিকুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকটিতে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল গাড়িটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া নওগাঁর মান্দা উপজেলার রাব্বানি জানান, তারা চট্টগ্রামের অলংকার এলাকা থেকে সন্ধ্যায় রওনা হয়েছিলেন। কেউ ঘুমিয়ে ছিলেন, কেউ জেগে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। তবে তার চাচা, চাচাতো ভাই ও বন্ধুরা নিহত হয়েছেন। তিনি হকারের কাজ করে বাড়ি ফিরছিলেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা বুলবুল সরকার বলেন, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে দেখেননি বলে জানান তিনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতরা সবাই উত্তরবঙ্গগামী যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি খাদে পড়ে যায়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।






আপনার মতামত লিখুন
Array