৪০ বছর বয়সেও এমন লুক কীভাবে? জবাব দিলেন শাকিব খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
৪০ বছর বয়সেও এমন লুক কীভাবে? জবাব দিলেন শাকিব খান

শাকিব খানের নতুন অবতারে বিস্মিত ভক্তরা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঈদের বিশেষ চলচ্চিত্র ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনীতে শাকিব খান যে অবতারে হাজির হয়েছেন, তাতে মুগ্ধ দর্শকরা। এমন আকর্ষণীয় লুকে তাকে অতীতে খুব একটা দেখা যায়নি। এই বয়সে এসেও কীভাবে এমন লুক ধরে রাখছেন তিনি, বিষয়টির জবাব দিলেন স্বয়ং শাকিব।

ঈদের বিশেষ চলচ্চিত্র ‘রকস্টার’ এর বিশেষ প্রদর্শনী ছিল বৃহস্পতিবার (৪ জুন) রাত। প্রদর্শনী শেষে শাকিবকে তার লুক ধরে রাখার বিষয়ে প্রশ্ন করা হয়।

উত্তরে শাকিব বলেন, ‘মাঝে মাঝে আমাকে এত, ভাইয়া ভাইয়া বলা হয়, যেন আমি রাজ্জাক সাহেব না হলেও প্রয়াত সালমান শাহর আমলের নায়ক! অথচ ৬১ বছরের শাহরুখ খানকে দেখে বলে, ওয়াও হোয়াট আ লুক ম্যান!। হলিউডের টম ক্রুজ বা ওরকম কাউকে দেখেও এমনটা বলে। কিন্তু আমি যখন নতুন লুকে আসি, তখনই বলাবলি শুরু হয়, ৪০ বছর বয়সেও কী করে ফেলেছে। যাইহোক, এসব লুকের ক্রেডিট আসলে আমার ডিরেক্টরের। তাছারা সুন্দর সুন্দর নায়িকা পাশে থাকলে লুক এমনিই চেঞ্জ হয়ে যায়।’

‘রকস্টার’ চলচ্চিত্র মুক্তির পর থেকেই ভোক্তা মহলের নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। এ নিয়ে শাকিব বলেন, ‘একটা নির্দিষ্ট মহল চাইছে, বাংলা ছবি যেন আর এগোতে না পারে। তারাই কেবল নেতিবাচক রিভিউগুলো প্রচার করছে। অথচ প্রতিটা ছবিরই ভালো-মন্দ রিভিউ থাকে। যারা চায়, আমাদের ছবি এগিয়ে যাক, বিশ্বমানের হোক, তারা কিন্তু ঠিকই ভালো বলছেন। একজনকে জিজ্ঞেস করেছিলাম, কী ব্যাপার, প্রথম দিনেই সবাই এত নেগেটিভ বলছে কেন? সে জবাব দিলো, “ভাই, নেগেটিভ এখন বেশি খায়। তাই এত নেগেটিভ”। আসলেই তাই। পরিদন থেকে অবশ্য নেগেটিভ রিভিউকে পিছে ফেলে, পজিটিভ রিভিউ এগিয়ে গেছে। দিনশেষে সত্যেরই জয় হয়।’

‘রকস্টার’-এর বিষয়বস্তু নিয়েও শাকিবের অভিব্যক্তি জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমার মনে হয়েছিল, একটা ভিন্ন জনরার ছবি করি। যে ছবিতে কোনো বন্দুক থাকবে না, কোনো মেশিনগান থাকবে না। এসব থেকে বের হয়ে গল্পনির্ভর একটা কাজ করতে চেয়েছি। এই ছবিতে দারুণ বার্তা আছে। শুধু বিত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই মানুষ সুখী হয়, তা কিন্তু না। অনেকে বলছেন, ছবিতে অতিরিক্ত মাদকের ব্যবহার দেখানো হয়েছে। কিন্তু এটা দেখছেন না, সেই মাদক কীভাবে একটা মানুষকে, তার পরিবারকে ধ্বংস করে দেয়।’

শাকিব তার ক্যারিয়ার ও ছবির ধরনের বিষয়ে সাংবাদিকদের জানান, ‘রকস্টার’ তার ক্যারিয়ারের সবচেয়ে পরিচ্ছন্ন ছবি। ঈদের বিশেষ চলচ্চিত্র ‘রকস্টার’ এর বিশেষ প্রদর্শনী ছিল বৃহস্পতিবার (৪ জুন) রাতে। প্রদর্শনীতে শাকিব খানের পাশে ছিলেন ছবির তিন নায়িকা সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। ছিলেন নির্মাতা আজমান রুশোসহ অন্যরাও।