ফিফা বিশ্বকাপ ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপের আগে মেসির আবেগঘন পোস্ট
বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এবার অপেক্ষা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই অপেক্ষার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন লিওনেল মেসি। নিজের বিশ্বকাপ-যাত্রার ২০ বছরের স্মৃতি এক পোস্টে ফিরিয়ে এনেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি পোস্ট করেছেন তাঁর আগের পাঁচ বিশ্বকাপের ছবি, জার্মানি ২০০৬, দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২। সঙ্গে আছে ২০২৬ বিশ্বকাপের ছবিও। ক্যাপশনে লিখেছেন শুধু দুটি সাল, ২০০৬ ও ২০২৬। এই দুই সংখ্যার মধ্যেই যেন বলে দিয়েছেন তাঁর বিশ্বকাপ-জীবনের দীর্ঘ পথচলার গল্প।
২০০৬ বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে নামেন মেসি। তখন তিনি ছিলেন তরুণ প্রতিভা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে। ২০১৪ সালে ব্রাজিলে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন, তবে শিরোপা ছোঁয়া হয়নি। ২০১৮ সালে রাশিয়ায় ছিল হতাশা। আর ২০২২ সালে কাতারে শেষ হয় সেই অপূর্ণতা, আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলেন মেসি।
এবার ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হচ্ছে বিশ্বকাপ। আর্জেন্টিনা নামছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। আর মেসির সামনে ব্যক্তিগতভাবে আরেকটি ঐতিহাসিক অধ্যায়। এই আসরে মাঠে নামলে এটি হবে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ।
মেসির এই দীর্ঘ বিশ্বকাপ-যাত্রা শুধু আর্জেন্টিনার ফুটবল ইতিহাস নয়, বিশ্ব ফুটবলেরও বিশেষ অধ্যায়। ২০০৬ সালের কিশোর প্রতিভা থেকে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক, এবার তিনি নামছেন এমন এক অবস্থানে, যেখানে প্রতিটি ম্যাচই হতে পারে আরও একটি রেকর্ডের সুযোগ।
বিশ্বকাপে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন মেসি। এটি টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ। তাঁর গোল ১৩টি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের গোল ১৬টি। অর্থাৎ আরেকটি বড় টুর্নামেন্ট মেসিকে সেই রেকর্ডের আরও কাছে নিয়ে যেতে পারে।
গোলের পাশাপাশি সৃষ্টিশীলতার রেকর্ডেও মেসির সামনে সুযোগ আছে। বিশ্বকাপে তাঁর অ্যাসিস্ট ৮টি। এই জায়গাতেও তিনি ইতিহাসের সেরা প্লেমেকারদের কাতারে। কাতার বিশ্বকাপে যেমন গোল ও অ্যাসিস্ট, দুই দিকেই আর্জেন্টিনার বড় ভরসা ছিলেন, ২০২৬ সালেও তাঁর সৃজনশীলতার ওপরই বড় ভরসা করবে স্কালোনির দল।







আপনার মতামত লিখুন
Array