হঠাৎ কেন পেনাল্টির নিয়ম বদলাতে চাইছে ফিফা?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
হঠাৎ কেন পেনাল্টির নিয়ম বদলাতে চাইছে ফিফা?

বিশ্বকাপ চলছে, গ্রুপ পর্বের উত্তেজনা তুঙ্গে। এমন সময় ফুটবল বিশ্বে এসেছে এক বিস্ময়কর খবর। নকআউট পর্ব শুরুর আগেই পেনাল্টি শুটআউটের নিয়ম পরিবর্তন করতে চাইছে ফিফা। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি এর সঙ্গে এ নিয়ে জরুরি আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলায় বিশ্বকাপ চলাকালীন সময়ে নিয়ম পরিবর্তনের ঘটনা খুবই বিরল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন এমন সিদ্ধান্ত নিতে চাইছে ফিফা? আর নতুন নিয়মটা আসলে কী?

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো নকআউট ম্যাচ ১২০ মিনিটেও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। শুটআট শুরু হওয়ার আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে ঠিক হয় কোন দল আগে শট নেবে, আর দ্বিতীয় টসে নির্ধারণ করা হয় কোন প্রান্তের গোলে শুটআট হবে। অনেক সময় একটি দল দুই সুবিধাই পেয়ে যায় আগে শট নেওয়ার সুযোগ এবং নিজেদের সমর্থকদের সামনে শুট করার সুযোগ।

ফিফার মতে, এখানেই রয়েছে বড় ধরনের অসাম্য।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, আর দুটি টস হবে না। হবে মাত্র একটি কয়েন টস। টসে জেতা দলের অধিনায়ক দুটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন হয় তিনি আগে শট নেওয়ার সিদ্ধান্ত নেবেন, অথবা কোন প্রান্তে শুট হবে সেটি নির্ধারণ করবেন। অন্য দল স্বয়ংক্রিয়ভাবে বাকি সুবিধাটি পেয়ে যাবে। অর্থাৎ একটি দল আর দুই সুবিধাই একসঙ্গে পাবে না।

কিন্তু ফিফা হঠাৎ কেন এই পরিবর্তনের কথা ভাবছে?

এর পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা এবং গবেষণা। ব্রিটিশ সংবাদমাধ্যম দি টাইমস জানিয়েছে, সাম্প্রতিক একটি বড় ফাইনালে এক দল দুই টসই জিতে যাওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ফিফার রেফারিং বিভাগ মনে করছে, বর্তমান ব্যবস্থায় একটি দল অযৌক্তিক বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২৩ সালের একটি একাডেমিক গবেষণায় দেখা গেছে, যে দল পেনাল্টিতে আগে শট নেয় তাদের জয়ের সম্ভাবনা প্রায় ২২ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে। যদিও কিছু পুরোনো গবেষণা এই সুবিধাকে অনেক কম বলে উল্লেখ করেছে, তারপরও ফিফা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনা দীর্ঘদিন ধরেই পেনাল্টি শুটআটকে আরও ন্যায্য করার পক্ষে মত দিয়ে আসছেন। অতীতে এমন প্রস্তাবও উঠেছিল যে দুই প্রান্তের গোলেই পর্যায়ক্রমে পেনাল্টি নেওয়া হতে পারে, তবে সেটি বাস্তবায়ন করা কঠিন হওয়ায় ফিফা এখন তুলনামূলক সহজ একটি সমাধানের দিকে ঝুঁকছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ফিফা চায় এই পরিবর্তনটি ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই কার্যকর হোক। যদিও সাধারণত ফুটবলের নিয়ম পরিবর্তনের জন্য IFAB-এর বার্ষিক সভার অনুমোদন প্রয়োজন হয়, তবুও বিশেষ পরিস্থিতিতে জরুরি বৈঠকের মাধ্যমে নিয়ম পরিবর্তনের নজির আগে রয়েছে। তাই ফিফা এবারও দ্রুত অনুমোদন পাওয়ার চেষ্টা করছে।

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। IFAB অনুমোদন দিলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ বিশ্বকাপের নকআউট পর্বে যদি কোনো ম্যাচ পেনাল্টি শুটআটে গড়ায়, তাহলে দর্শকরা হয়তো একেবারেই নতুন একটি নিয়মের সাক্ষী হতে পারেন।