বিশ্বকাপে ব্যর্থতার সাজা, দলের বিশেষ বিমান বাতিল করল এই দেশটি!
বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর উরুগুয়ে ফুটবল দলে ঝড় বয়ে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় ফুটবলারদের জন্য নির্ধারিত বিলাসবহুল চার্টার্ড বিমান বাতিল করে দিয়েছে দেশের ফুটবল ফেডারেশন। তারকা খেলোয়াড়দের এখন সাধারণ যাত্রীদের মতো বাণিজ্যিক ফ্লাইটে আলাদা আলাদা হয়ে দেশে ফিরতে হচ্ছে।
মেক্সিকোর বেস ক্যাম্প থেকে পুরো স্কোয়াডকে একসঙ্গে রাজধানী মন্টেভিডিওয় ফেরানোর পরিকল্পনা ছিল। কিন্তু এইউএফ সেই বিশেষ ফ্লাইট বাতিল করেছে বলে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ‘এল পাইস’ ও ‘টেনফিল্ড’ জানিয়েছে। ফলে অনেক তারকাই এখন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে টিকিট কেটে ফিরছেন। কেউ বাড়িতে, কেউ নিজ নিজ ক্লাবে।
বিজ্ঞাপন
গ্রুপ ‘এইচ’ থেকে সহজেই নকআউটে যাবে উরুগুয়ে, এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে অবিশ্বাস্য ড্র করে বসে তারা। এরপর স্পেনের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে গোলরক্ষকের মারাত্মক ভুলে ১-০ গোলে হেরে যায় ঐতিহ্যবাহী এই দল। ফলে স্পেন ও কেপ ভার্দে নকআউটে উঠে যায়।
ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা ক্ষোভে ফেটে পড়েন। ব্রডকাস্টারদের দিকে উত্তেজিত হয়ে চিৎকার করতে দেখা যায় ৭০ বছর বয়সী এই কোচকে। সংবাদ সম্মেলনে এসে একেবারে ভেঙে পড়ে বলেন, “আমি উরুগুয়ের ফুটবলের জন্য কিছুই রেখে যেতে পারিনি। তিন বছর কাজ করার পরও কোনো ফলাফল দিতে না পারলে এই কোচিংয়ের কোনো মূল্য নেই।”
২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপের যৌথ আয়োজক উরুগুয়ে। ঘরের মাঠে সেই বড় ইভেন্টের আগে এখন নতুন কোচ খুঁজতে হবে ফেডারেশনকে। তার আগেই ফেডারেশনের এই কড়া সিদ্ধান্ত ড্রেসিংরুমে তীব্র অসন্তোষ তৈরি করেছে। দুইবারের বিশ্বকাপ জয়ী এই দলের জন্য চার্টার্ড ফ্লাইট বাতিলের ঘটনাকে অনেকেই অপমানজনক বলে মনে করছেন।






আপনার মতামত লিখুন
Array