টাঙ্গাইল ডিসি লেকের প্রাণ ফেরাতে কচুরিপানা অপসারণ শুরু
টাঙ্গাইল শহরের বিনোদনকেন্দ্র ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনের পর উপস্থিত নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি।
গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি লেকের সার্বিক পরিবেশ, পানির অবস্থা ও পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। দীর্ঘদিন লেকে জমে থাকা কচুরিপানা ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী টুকু বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। ডিসি লেক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পুরো লেক পরিষ্কার করা হবে। ডিসি লেক ঘিরে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এটিকে কীভাবে একটি উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া যায়, সে লক্ষ্যেই কাজ চলছে। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে নিয়ে চর এলাকার পাশাপাশি ডিসি লেক এলাকাও পরিদর্শন করেন তিনি। তাদের পরিকল্পনা হলো ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং চর এলাকাকে বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমূখ।







আপনার মতামত লিখুন
Array