ঘাটাইলে ১০ শিক্ষার্থীর ১৫ শিক্ষক, পাসের সংখ্যা শূন্য!

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
ঘাটাইলে ১০ শিক্ষার্থীর ১৫ শিক্ষক, পাসের সংখ্যা শূন্য!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি দাখিল মাদরাসায় ১৫ জন শিক্ষক কর্মরত থাকলেও চলতি বছর একজন পরীক্ষার্থীকেও পাস করাতে পারেননি তারা। ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মনতলা ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে চলতি বছর মোট ১০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ওই মাদরাসার একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি।

গত সোমবার (১০ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফল প্রকাশ করে। ফল প্রকাশের পর এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক থাকার পরও শিক্ষার্থীদের এমন ফলাফল অত্যন্ত হতাশাজনক। তারা বিষয়টি তদন্ত করে পাঠদানের মান উন্নয়ন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা নূরুল ইসলাম জানন, ১৫ জন শিক্ষক মিলেও একজন ছাত্রকে পাস করাতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

মনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মো. নূরুল ইসলাম বলেন, মাদরাসা থেকে ১০জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের সকলেই অকৃতকার্য হয়েছে। তিনি আরো বলেন আমাদের মাদ্রাসাটি এমপিও হয়নি এখনো। তাই আমাদের ১৫ জন শিক্ষক থাকলেও বেতন না থাকায় সবাই উপস্থিত থাকে না।

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি npbnews.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।