১৮ মাসে হাফেজ হলেন নয় বছরের শিশু মুস্তাকীম

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
১৮ মাসে হাফেজ হলেন নয় বছরের শিশু মুস্তাকীম

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদরাসা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। দক্ষ শিক্ষকদের পাঠদানে প্রতিবছর এ মাদরাসা থেকে অনেক শিক্ষার্থী পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করছেন। সম্প্রতি ৯ বছর বয়সী শিক্ষার্থী মুস্তাকীম মাত্র ১৮ মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। এ ছাড়া আরও দুই শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদরাসার হলরুমে শিক্ষার্থীদের ছবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ ক্বারী মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। প্রধান মেহমানের বক্তব্য দেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ কারী মো. মাহফুজুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, হেফাজতে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি রফিক আহমদ, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান এবং অভিভাবক হাফেজ আবু সাঈদ পাঠানসহ অনেকে।

বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলার মধ্যে পরিবেশ, নিরাপত্তা, উন্নত শিক্ষার মান ও যত্নশীলতার মাধ্যমে পাঠদান করিয়ে ছাওতুন ক্বোরআন হাফিজিয়া মাদরাসা যে সুনাম অর্জন করেছে, তা প্রশংসনীয়। এ মাদরাসার শিক্ষার্থীরা শুধু ধনবাড়ী বা টাঙ্গাইল নয়, বিভাগীয় পর্যায় এবং দেশের বাইরেও বিভিন্ন কোরআন-হাদিস প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। তারা স্বর্ণ ও রৌপ্য পদকও পেয়েছে। এসব অর্জন ধনবাড়ীবাসীর জন্য গর্বের। আগামী দিনে এ মাদরাসার শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন বলেন, “আমি একজন হাফেজ মানুষ। মহান আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন। সে কারণে আমি চেয়েছি, আমার মতো যেন বাচ্চারা কোরআন শিখে দ্বীনদার হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে এবং পরকালের জন্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সন্তুষ্টি লাভ করতে পারে। এমন প্রত্যাশা থেকেই এ মাদরাসাটি প্রতিষ্ঠা করেছি। তবে ধনবাড়ীবাসীর সকলের নেক নজর ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

প্রসঙ্গত, মাদরাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। ধনবাড়ী পুরাতন থানা ভবনের প্রায় ১০০ গজ উত্তর পাশে নিজবর্ণি এলাকায় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের পূর্ব পাশে মাদরাসাটির অবস্থান।