প্রথম দিনেই ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রচার শুরু, দেখা যায়নি বাকি প্রার্থীদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
প্রথম দিনেই ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রচার শুরু, দেখা যায়নি বাকি প্রার্থীদের

প্রতীক বরাদ্দের পর প্রথম দিনেই ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে বাকি ৩ প্রার্থীকে আজ নির্বাচনি মাঠে দেখা যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধানের শীষ প্রতীকে ও শহরের বাসস্ট্যান্ডে থেকে দাঁড়িপাল্লার প্রচার শুরু করেন তারা।

প্রচার শুরু সময় মির্জা ফয়সল আমিন জানান, মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের কাছে যাবেন। এজন্য তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।

নির্বাচনে জয়ী হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, জনগণের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

এদিকে প্রচার শুরুর সময় প্রশাসনকে উদ্দেশ করে মো. দেলাওয়ার হোসেন বলেন, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করবেন ও বাস্তবায়ন করবেন। কারণ এর পরেই স্থানীয় নির্বাচন হবে। এই উপনির্বাচনের ওপর নির্ভর করবে সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে নাকি দুর্নীতিগ্রস্ত হবে।

thakurgoan
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক পেলেন ৫ প্রার্থী
তিনি আশা ব্যক্ত করে জানান, এবার ঠাকুরগাঁওবাসী আমাকেই বেছে নেবেন। আগামী দিনে তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে কাজ করবেন ও সরকারের পক্ষে যা বরাদ্দ আসবে তা সুষ্ঠুভাবে বণ্টন করে এই এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এসময় ২ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লায প্রতীক ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিভিন্ন দলের প্রতিনিধি ও প্রার্থীদের মুখপাত্রদের উপস্থিতিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।