দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখা।

মঙ্গলবার বিকেলে ডেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা হামলা এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করে, বিচারব্যবস্থাকে ধ্বংস করে, ব্যাংক লুট করে, অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গুম-খুন করে চৌদ্দ গোষ্ঠীসহ ভারতে পালিয়েছে, তারা আর কোনোদিন আসতে পারবে না। ফ্যাসিবাদী পালানোর পর হেলিকপ্টারে করে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম জহির আলী। এ ছাড়া বক্তব্য দেন এ্যাব ডেসকো শাখার সভাপতি ও জিয়া পরিষদ ডেসকো শাখার প্রধান উপদেষ্টা সাইদুর রহমান।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজিদুল করিম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন।

এ সময় জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখার সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।