আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও দোসরদের বিচারের দাবি মুসলিম লীগের

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ, দলটির দোসরদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন)। শনিবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পাশাপাশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় আজাদ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, আমাদের মেধার অভাবে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারিনি। যোগ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা তৈরির মাধ্যমে ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে। এ জন্য আমাদের মক্কা চুক্তিতে যুক্ত হতে হবে।

কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী বলেন, আমাদের রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক নেই, রাজনৈতিক দলগুলোর প্রশিক্ষণ ও দর্শনভিত্তিক ইনস্টিটিউটও নেই, যার মাধ্যমে রাজনৈতিক ফ্যাসিবাদ মোকাবিলা করা সম্ভব। আমাদের সুশিক্ষিত ও রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ মুজিব দেশ ধ্বংস করেছেন এবং সেই ভারতীয় ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।

বাংলাদেশ মুসলিম লীগের রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আয়নাঘরের হোতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে লাগাতে হবে।

সভায় আরও বক্তব্য দেন মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ি, কেন্দ্রীয় নেতা শরিফ ইমরাউল ইসলাম মিলন, প্রফেসর জাকির হোসেন, শাহ-মুহাম্মদ ফেরদৌস হাসান, মুহাম্মদ মোস্তাফা জামাল, ইঞ্জিনিয়ার হোয়াই চিং মং চাক, অ্যাডভোকেট মাহবুব মোরশেদ তারেক ও অ্যাডভোকেট ফকির জসিমউদ্দিন প্রমুখ।

সংবাদটি dailyamardesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।