যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানল ৪০-এর বেশি আফটারশক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানল ৪০-এর বেশি আফটারশক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর ৪০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে কয়েক শ বোতল ওয়াইন ও মদের বোতল ভেঙে একটি দোকানের প্রায় ৪৫ হাজার ডলারের ক্ষতি হয়েছে। বিমানবন্দরের জানালার কাচ ভেঙে যাওয়াসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ম্যানহাটান বিচের উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্র থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়িতে কম্পন অনুভূত হয়।

ক্যালিফোর্নিয়ার হারমোসা বিচের বোকাতো’স গ্রোসারিজ নামের একটি দোকানে ভূমিকম্প ও পরবর্তী আফটারশকে কয়েক শ বোতল ওয়াইন ও অন্যান্য মদ ভেঙে যায়। দোকানটির প্রতিনিধি জে হেরন বলেন, দুই দফায় কয়েক ঘণ্টার ব্যবধানে ক্ষয়ক্ষতি হয়েছে।

তার হিসাবে, দোকানটির ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার ডলার।

হেরন বলেন, ‘আমরা সবকিছু হারাইনি, তবে অনেক কিছু হারিয়েছি।’

তিনি জানান, প্রথম ভূমিকম্পের সময় দোকানটি বন্ধ ছিল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শক্তিশালী আফটারশক আঘাত হানার সময় দোকানে ক্রেতা ও কর্মীরা ছিলেন। তখন তাক থেকে আরো অনেক বোতল মেঝেতে পড়ে ভেঙে যায়।

দোকানটির তাকগুলোতে বোতল পড়ে যাওয়া ঠেকানোর কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না। ভূমিকম্পপ্রবণ এলাকায় সাধারণত তার ব্যবহার করে তাকের পণ্য আটকে রাখা হয়। তবে আগে এমন ব্যবস্থার প্রয়োজন হয়নি বলে দোকানটিতে তা করা হয়নি।

ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও (এলএএক্স) কম্পন অনুভূত হয়। সেখানে জানালার কাচ ভেঙে যায়। টার্মিনালের একটি চলাচলের পথ বন্ধ রাখতে হয়। এ ছাড়া বিমানবন্দরের ছাদে থাকা পানির প্রধান পাইপ ভেঙে পানি পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের সময় বিমানবন্দরের একটি রানওয়ের কাছে অবতরণের চেষ্টা করছিল ডেলটা এয়ারলাইনসের একটি বিমান। ওই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির অবতরণ বাতিলের নির্দেশ দেন। ভিডিও ও অডিওতে সেই কথোপকথন ধরা পড়ে।

এদিকে শনিবারের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের কাছে কোনো হতাহত বা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসেনি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিভিন্ন এলাকার ফায়ার স্টেশন থেকে কর্মীদের পাঠানো হয়েছিল।

ক্যালিফোর্নিয়ায় ছোটখাটো ভূমিকম্প নিয়মিত হলেও এ মাত্রার কম্পন ওই এলাকায় এক দশকের বেশি সময় ধরে অনুভূত হয়নি। এ ছাড়া একের পর এক অসংখ্য আফটারশকও বিরল ঘটনা। হেরন বলেন, ১৯৯৪ সালের নর্থরিজ ভূমিকম্পের পর এত শক্তিশালী কম্পনের কথা তার মনে পড়ে না। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এতে ৫৭ জন নিহত হন। সড়ক ও ভবনও ধ্বংস হয়েছিল।

যুক্তরাষ্ট্রে আলাস্কার পর ক্যালিফোর্নিয়া দ্বিতীয় সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঙ্গরাজ্য। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গড়ে প্রতি তিন মিনিটে একটি ভূমিকম্প হয়। তবে বেশির ভাগ ভূমিকম্প এতই মৃদু যে তা অনুভব করা যায় না। বছরে প্রায় ১৫ থেকে ২০টি ভূমিকম্পের মাত্রা ৪-এর বেশি হয়।

সংবাদটি dailyamardesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।