মির্জাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
মির্জাপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন খান (৬৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

নিহত আবুল হোসেন উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের নয়েজ আলী খানের ছেলে।
শুক্রবার বিকেল ৪টার দিকে পাকুল্যা-লাউহাটী আঞ্চলিক সড়কের ভাবখন্ড গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আবুল হোসেন খান পাকুল্যা-লাউহাটী আঞ্চলিক সড়কের ভাবখন্ড এলাকায় হাঁটছিলেন। এসময় মোটরসাইকেল নিয়ে দুজন আরোহী ধাক্কা মারে।

এতে আবুল হোসেন ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় আবুল হোসেনের মৃত্যু হয়। এ ছাড়া মোটরসাইকেল আরোহী একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিজনের চিকিৎসা চলছে। পুলিশকে অবহিত করা হয়েছে।