মির্জাপুরে আ.লীগের সাবেক নেতা ফালু গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হয়। ওই সময় আন্দোলনকারীরা গোড়াই হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে। এতে আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামে এক ব্যক্তি দুই চোখে গুরুতরভাবে আহত হয়ে দৃষ্টিশক্তি হারান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। মামলায় পুলিশ, সংবাদকর্মীসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
মামলার এজাহারে শওকত হোসেন ফালুকে ৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়নের সদস্য। শওকত হোসেন ফালু নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।
মামলায় আহত হিমেল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
মির্জাপুর থানার এসআই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।







আপনার মতামত লিখুন
Array