মির্জাপুরে গোলাপী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
মির্জাপুরে গোলাপী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে আলোচিত ৩ সন্তানের জননী গোলাপী বেগমকে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৬ ই নভেম্বর) সকাল প্রায় ১১ টার দিকে গোলাপী বেগমের নিকটতম আত্মীয় ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে কলেজ রোডে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ২ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এসময় তারা গোলাপী বেগম হত্যার বিচার চাই, খুনির শাস্তি চাই, ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেন।

গত মাসের ২৬ অক্টোবর সকালে বাড়ির পাশের বারোই খাল থেকে গৃহবধূ গোলাপী বেগমের হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে নিহতের বাবা বিষু মিয়া অভিযোগ করে বলেন, পুলিশ একজন কে ধরছে আর কাউকে ধরছে না। শুধুমাত্র আমাদের বাড়িতে গিয়েই তারা তদন্ত করে, কিন্তু অন্য কোথাও গিয়ে তারা আসামিদের খোঁজে না। এ সময় তারা গোলাপীর স্বামী প্রধান আসামী কাদেরকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি। একইসাথে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতেও প্রতিনিয়তই অভিযান চলছে।