কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

???????

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নে দেশীয় জাতের সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারই টেকসই অগ্রগতির মূল চাবিকাঠি। তিনি জানান, সরকারিভাবে প্রাণিসম্পদ খাতে যে সব আধুনিক সেবা, রোগনিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে, সেগুলো কাজে লাগাতে পারলে স্থানীয় খামারিদের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

তিনি খামারিদের উদ্দেশে বলেন, যেকোনো প্রয়োজনেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সবসময় খামারিদের পাশে থাকবেন এবং সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী এবং বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন বলেন, দেশীয় জাতের গবাদিপশুকে সংরক্ষণ ও উন্নত জাতের সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তোলাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। তিনি জানান, সরকার প্রাণিসম্পদ খাতে কৃত্রিম প্রজনন, টিকা কার্যক্রম, রোগনিয়ন্ত্রণ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারি প্রশিক্ষণসহ নানা সেবা অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় খামারিদের উৎপাদিত পোলট্রি, দুধ-ডিম ও গবাদিপশু-সংক্রান্ত প্রযুক্তিগত সক্ষমতা বাড়লে শুধু ব্যক্তিগত আয়ের উন্নতি নয়, সামগ্রিকভাবে উপজেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ায় তিনি সবাইকে নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরের সেবা গ্রহণের আহ্বান জানান।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি সার্জন ডা. সীমান্ত ভৌমিক। পাশাপাশি সফল খামারি হিসেবে অভিজ্ঞতা তুলে ধরেন সাইফুল ইসলাম সোহেল।

প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু, পোলট্রি, দুধ-ডিমসহ প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়। এতে খামারিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে দিক-নির্দেশনা পাওয়ার সুযোগ পান।