মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় সিঙ্গার কোম্পানীর কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ণ
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় সিঙ্গার কোম্পানীর কর্মকর্তা নিহত

Workflow: {}

টাঙ্গাইলের মির্জাপুরে শাফিউল মুজনবীন দীপ্ত (২৫) নামে সিঙ্গার কোম্পানীর এক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দীপ্ত মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক শহীদুল্লাহ খানের ছেলে। তিনি মির্জাপুর পৌরসভার বাইমহাটী কবরস্থান এলাকার বাসিন্দা।

অধ্যাপক শহীদুল্লাহ খান জানান, তার ছেলে দীপ্ত সিঙ্গার কোম্পানীর দিনাজপুর জেলা ম্যানেজার ছিলেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটিতে দিনাজপুর থেকে মির্জাপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক দেড়টার দিকে মির্জাপুর বাইপাসে বাস থেকে নামার পরপরই অজ্ঞাত আরেকটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। তিনি জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেও মুঠোফোনে দীপ্ত তার মায়ের সঙ্গে কথা বলে জানায় পাঁচ মিনিটের মধ্যে সে মির্জাপুর বাইপাসে নামবে। কিন্তু এরপর তার আর কোন খোঁজ মেলেনি।

কিছুক্ষণ পর মির্জাপুর থানা পুলিশ তাকে ফোন করে জানায়, তার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এদিকে শিক্ষক শহীদুল্লাহ খানের একমাত্র ছেলে সদ্য লেখাপড়া শেষ করে কর্মস্থলে যোগদান করা যুবক দীপ্ত সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোওয়ার জানান, আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।