ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ণ
ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

Workflow: {}

ঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের এক কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

জামায়াত নেতারা দাবি করে বলেন, দলের প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথসভা চলছিল। এ সময় হঠাৎ স্থানীয় কিছু বিএনপির সমর্থক ঘটনাস্থলে মিছিল নিয়ে এসে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তারপর পরিস্থিতি উত্তেজিত হলে জামায়াত নেতাকর্মীরা সভা শেষ করে চলে যাওয়ার পথে একপাশে তারা রাস্তা অবরোধ করে রাখে। অন্যপথ দিয়ে জামায়েত নেতাকর্মীরা বের হওয়ার পথে তারা সভার চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে। এ সময় জামায়াতের এক কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার চালাচ্ছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমাদের সভার আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু সাংবাদিকদের বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। তাদের প্রতিহত করার কোনো উদ্দেশ্য না বরং আমরা তাদের সহায়তা করছি, ভবিষ্যতেও করব।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।