মির্জাপুরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও চামুটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ইউপি সদস্য চামুটিয়া গ্রামের ফরহাদ হোসেন (৫৩) এবং ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শশধরপট্রি গ্রামের লতিফুর রহমান (৪৩)।
পুলিশ জানায়, ২৯২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (১৪ ডিসেম্বর) টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।








আপনার মতামত লিখুন
Array