মির্জাপুর

পরকীয়ার অপবাদে ‘ফিল্মি কায়দায়’ গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
পরকীয়ার অপবাদে ‘ফিল্মি কায়দায়’ গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের বটটেকী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই দুজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগে গৃহবধূ জানান, তিনি তার পাঁচ মাস বয়সি একমাত্র সন্তানকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত ময়লার ব্যবসায়ী আজাহার মিয়া (৪২) ও রাজিব মিয়া (৩৫) তার কক্ষের দরজা খুলতে বলেন। ঘরে পরপুরুষ রয়েছে এমন অপবাদ তুলে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের সরিয়ে দেন। পরে শিশুকে জিম্মি করা এবং শিল্পকারখানায় কর্মরত তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করা হয়। একপর্যায়ে শ্লীলতাহানির শিকার হলেও জন্মনিরোধক আবরণ আনার কথা বলে কৌশলে ঘর থেকে বের হয়ে তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছে। সন্ধ্যার পর মদ্যপান করে এলাকায় দাপট দেখানোই তাদের নিয়মিত কাজ।

কচুরিপানার নিচে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ
কচুরিপানার নিচে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ
বিস্তারিত পড়ুন
বাসার মালিক আহম্মদ আলী বলেন, ‘বাসা ভাড়া দেওয়ার শুরু থেকেই অভিযুক্তরা নানাভাবে হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। এলাকায় তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। আমার ভাড়াটিয়ার সঙ্গে যা ঘটেছে, তা সত্য।’

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।