এলেঙ্গায় ভেজাল জিরা বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোডে অবস্থিত মালেক এন্টারপ্রাইজকে ভেজাল জিরা বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক বারেক মিয়া।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিদফতরের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। সেইসাথে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিহার করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
অভিযানে দেখা যায়, মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয়, মিশরীয় ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্ন মানের জিরা মিক্স করে নতুন ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিল।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।






আপনার মতামত লিখুন
Array