বিয়েবাড়ি থেকে ফেরা হলো না মা-মেয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
বিয়েবাড়ি থেকে ফেরা হলো না মা-মেয়ের

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দিন দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই ভাই।

বিয়ের অনুষ্ঠান থেকে শেষযাত্রা
টাঙ্গাইলে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ফিরছিল একটি পরিবার। শুক্রবার বিকেল ৫টার দিকে মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন সাদিয়া কবির (২৩) ও তাঁর দশ মাস বয়সী মেয়ে তাজরিয়া কবির।
সাদিয়া কবিরের স্বামী জিসান কবির টিপু ফেনীর বাসিন্দা। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী ওই প্রাইভেটকারটিকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশু নিহত, বাবা আশঙ্কাজনক
পটুয়াখালীর দুমকীতে অটোরিকশার সঙ্গে সিমেন্টবাহী টমটমের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হয় রবিউল (৬) নামের শিশুটি। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইব্রাহিম খানকে (৬০) মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় শিশুটির বাবা আবদুল কাদের (৫০) ও সুমন সরদারকে (২৫) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কাদেরের অবস্থা আশঙ্কাজনক ও সুমনের হাত ভেঙে গেছে। হতাহত ব্যক্তিরা বাউফলের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় প্রাণ গেছে ফারুক হোসেন (২৯) নামের এক মোটরসাইকেল আরোহীর। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে লেগুনাচালক রুবেল মিয়ার। নরসিংদীর বেলাব উপজেলার পুটিমারা এলাকায় ঘটে দুর্ঘটনাটি। নিহত রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

বাঁচানো গেল না প্রবাসী ভাইদের
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি আরব প্রবাসী দুই সহোদর নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওই দিন সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সুতারগোপ্টা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। নিহত দুই ভাই হলেন– চরকলাকোপা এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে আবদুল করিম (৪২) ও মামুন হোসেন (৩০)। স্বজনরা জানান, সম্প্রতি ছুটি নিয়ে সৌদি আরব থেকে তারা দেশে ফেরেন। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে পারিবারিক প্রয়োজনে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে সুতারগোপ্টা এলাকায় পেছন থেকে দ্রুতগতির ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন দুই ভাই। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকার আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

সংবাদটি samakal.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।