টিউবওয়েলের পানিতে চেতনানাশক, শিশুসহ এক পরিবারের ৫ জন অসুস্থ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
টিউবওয়েলের পানিতে চেতনানাশক, শিশুসহ এক পরিবারের ৫ জন অসুস্থ

টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের ভেতর পানিতে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় কে বা কারা। পরে ওই পানি পান করে শিশুসহ এক পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন ওই গ্রামের ইউসুফ আলী (৬০), তার ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার (৩৫), ছেলে ইমন (২২), ভাতিজি মৌ (১৮) ও মাহি (৭)।

তারা কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ইউসুফের প্রতিবেশী ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সার্ভেয়ার আমিনুর রহমান ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক মিয়া সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালের কোনো এক সময় কে বা কারা ইউসুফের বাড়ির টিউবওয়েলের ভেতর চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। পরে বাড়িতে উপস্থিত সবাই পর্যায়ক্রমে ওই টিউবওয়েলের পানি পান করেন।

এতে দুপুরে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর বিকেলে সবাই বাড়ি ফিরেছে বলে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।