মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আলী হোসেন ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়।

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আলী হোসেনকে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।