টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- তারেনা, সাইফুল মিয়া, মিনহাজ মিয়া, রাজিব, মো. কবির, রফিক, মিনহাজ ও শাজাহান নয়া শিকদার।

তারা সখীপুর, ঘাটাইল, মির্জাপুর, বাসাইল, গোপালপুর এবং মধুপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।