ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলার রুহুলী গ্রামে আল ইনসাফ মানবিক সংগঠনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সংগঠনটির সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নাইম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা অসহায় মানুষদের হাতে এই উপহার তুলে দেন।

এদিকে শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অসহায় ও শীতার্তরা। তারা বলেন, “শীতে মেলা কষ্ট করতাছিলাম। কম্বল পাইয়া খুব উপকার হইলো। এই শীতে একটু হইলেও কষ্ট কম হবো।”

সংগঠনের সভাপতি তৌফিকুর রহমান বলেন, আল ইনসাফ একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেড় শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।