ভূঞাপুরে ৪৩৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
ভূঞাপুরে ৪৩৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সংবর্ধনা

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা আস-সুন্নাহ শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, নৈতিক শিক্ষা বিস্তার এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস. এ. খালেক। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে পারলেই একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আস-সুন্নাহ শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ওসি তদন্ত আল মামুন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরি, হেমনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মেহের মাকসুদ কবির, সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুর রহমান তালুকদার সেলিম এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার মেসবাহুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মেধাভিত্তিক প্রতিযোগিতার বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার ৩৭টি মাদরাসার মোট ৪৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭০ জন, প্রথম গ্রেডে ১৩৬ জন এবং সাধারণ গ্রেডে ২৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হলে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আস-সুন্নাহ শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, এই বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত উৎকর্ষ সাধন এবং সমাজে যোগ্য ও আদর্শ নাগরিক তৈরি করা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে এবং একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।