শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের গুণী দুই জন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। গুণীজনরা সম্মাননা পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা হলো ‘আলোকচ্ছটা’। শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশকেও আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদেরকে সুশিক্ষা প্রদান করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় আয়োজিত ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়ছার)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মুঞ্জুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন, সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হক সিদ্দিকী এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী আকবর মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array