রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে ভূঞাপুরে যৌথ অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে ভূঞাপুরে যৌথ অভিযান

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকানগুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধের দায়ে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন এই অভিযান পরিচালনা করেন।
এ সময় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি বজায় রয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।