কালিহাতীর সল্লা ব্রিজের ৩০ শতাংশ কাজ এখনও বাকি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
কালিহাতীর সল্লা ব্রিজের ৩০ শতাংশ কাজ এখনও বাকি

জনদুর্ভোগ লাঘবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নে লৌহজং নদীর ওপর ২৭ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২১ সালের মে মাসে শুরু হওয়া চার বছর মেয়াদি এই প্রকল্পের কাজ ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সালের জুন পর্যন্ত তা সম্পন্ন হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর দুই বছরের মাথায় সেতুর একটি গার্ডার ধসে পড়ে। বিষয়টি নিয়ে বুয়েটসহ সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করলেও সেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। পরে ধসে পড়া অংশ সংস্কার করে আবারও নির্মাণকাজ চালু করা হয়। নিম্নমানের কাজ ও তদারকির অভাবের কারণেই প্রকল্পে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
এই সেতু নির্মিত হলে যমুনা সেতু মহাসড়কের চাপ কমবে এবং কালিহাতী, টাঙ্গাইল সদর ও ভূঞাপুর উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু সেতুর কাজ শেষ না হওয়ায় এখনো খেয়া নৌকাই ভরসা। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত নৌকার জন্য অপেক্ষা করতে হয়।
স্থানীয়দের দাবি, সেতুর উভয় পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি অফিস থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই পথে চলাচল করেন। দ্রুত কাজ শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার নাহিদুল ইসলাম লিটন জানান, ইতোমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে সেতুটি চলাচলের উপযোগী করা হবে।
অন্যদিকে কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করার চেষ্টা চলছে।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।