মির্জাপুরে সড়কে উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল নিয়ে গেল স্থানীয়রা
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে সড়কে পড়তে থাকা ডিজেল স্থানীয় কয়েকজনকে বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যেতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। উত্তরাঞ্চলগামী ‘সিরাজুল মোটরস’ নামের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল কয়েকজন বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ সড়কের বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় গাড়িটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল শুরু করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারওয়ার জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






আপনার মতামত লিখুন
Array