মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠায় বিষয় প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী মৎস্য চাষি শ্যামল চন্দ্র পাল।
বুধবার (১৮ মার্চ) সকালে মির্জাপুর পৌরসভার বাইমহাটি আদালতপাড়া এলাকায় মায়া মৎস্য হ্যাচারি ও ফিসারিজ পুকুরে মাছ মরে ভেসে ওঠে।
অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাইমহাটি আদালতপাড়া মায়া মৎস্য হ্যাচারি ও ফিসারিজ পুকুরের সিলভারকার্প, কাতলা, রুই, সরপুটিসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে ওঠে। এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ওই হ্যাচারির সাবেক কর্মচারি বাইমহাটি গ্রামের সবোধ মল্লিকের ছেলে আশীষ কুমার মল্লিককে ৬ বছর পূর্বে চুরির দায়ে চাকরিচ্যুত করা হয়। সেই ঘটনার জেরে মঙ্গলবার ১৮ মার্চ রাত ১১ টা ৯ মিনিটের সময় আশীষ হ্যাচারিতে প্রবেশ করে নলকুপের মুখে ও পুকুরে বিষ প্রয়োগ করে। তার পর থেকেই মাছ মরা শুরু করে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। হ্যাচারির সিসি ক্যামেরায় একজনকে রাতে প্রবেশ করতে দেখা যায়। তিনি তার কাছে থাকা একটি ব্যাগ থেকে কিছু একটা বেরও করেন। হ্যাচারির সাবেক কর্মচারি আশীষ বলে দাবি করে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন হ্যাচারি মালিক শ্যামল চন্দ্র পাল।
তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন আশীষ কুমার মল্লিক। রাতের ওই সময় বাসা থেকে বের হলেও হ্যাচারিতে যাননি বলে দাবি করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রয়োজনীয় তৎপরতা ও তদন্ত চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






আপনার মতামত লিখুন
Array