ভূঞাপুরে ডিমের ন্যায্যমূল্যের দাবিতে পোল্ট্রি খামারিদের প্রতিবাদ
“পোল্ট্রি শিল্প ধ্বংসের চক্রান্ত রুখে দাও, বাজার সিন্ডিকেট ভেঙে দাও, উৎপাদিত ডিমের ন্যায্যমূল্য দিতে হবে”—এমন স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, ভূঞাপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ডিমের উৎপাদন খরচ ক্রমাগত বৃদ্ধি পেলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় খামারিরা চরম ক্ষতির মুখে পড়ছেন। বাজারে একটি প্রভাবশালী সিন্ডিকেট ডিমের দাম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তারা। এতে করে পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়ছে এবং অনেক খামারি খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
বক্তারা আরও বলেন, পোল্ট্রি খাতকে রক্ষা করতে হলে দ্রুত বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং উৎপাদিত ডিমের ন্যায্যমূল্য নির্ধারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প ধ্বংসের মুখে পড়বে।
প্রতিবাদ সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।






আপনার মতামত লিখুন
Array