মির্জাপুরে সিসা কারখানা ও কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে একটি অবৈধ সিসা তৈরির কারখানা এবং কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।
প্রশাসন সূত্রে জানা গেছে, মহিষবাতান এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর একই ইউনিয়নের আজগানা এলাকায় অভিযান চালিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সোহাগ তালুকদার এবং মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে সিসা উৎপাদন এবং কয়লা তৈরির কারখানার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্য করে যারা পরিবেশ দূষণ করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







আপনার মতামত লিখুন
Array