ভূঞাপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সেলুর ঘোষণা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু।
শুক্রবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিনি ভূঞাপুরের উন্নয়ন ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় সেলিমুজ্জামান তালুকদার বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলের সাথে যুক্ত আছেন এবং সকল প্রতিকূল পরিস্থিতিতে রাজপথে সক্রিয় ছিলেন। শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে জীবনের শেষ সময়টুকু তিনি ভূঞাপুরের সাধারণ মানুষের সেবা ও এলাকার কল্যাণে উৎসর্গ করতে চান।
তিনি আরও উল্লেখ করেন যে, দলীয় শৃঙ্খলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি তিনি সর্বদা আস্থাশীল। বিএনপি এবং তাঁর নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু আসন্ন নির্বাচনে যে সিদ্ধান্ত দেবেন, তিনি তা বিনাবাক্যে মেনে নেবেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট খসরু মিয়া এবং ফলদা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান খান মোনায়েমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেলিমুজ্জামান তালুকদার সেলুর এই প্রার্থীতার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।







আপনার মতামত লিখুন
Array