মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হওয়ার পর স্টেশনের পশ্চিম পাশে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টায় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক এনামুল হক জানান, মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

তার আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হবে।