কালিহাতী
২১৬ বস্তা সরকারি চাল জব্দ ব্যবসায়ীকে জরিমানা
কালিহাতী উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে এলেঙ্গা বিএম কলেজের পাশের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গুদামের মালিক ফরমান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলেঙ্গা বাজারের ব্যবসায়ী ফরমান আলীর গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ফরমান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে যুক্ত থাকা অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
তবে প্রশ্ন উঠেছে, সরকারি কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল ব্যবসায়ীর গুদামে গেল কীভাবে ? স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির কিছু ডিলার এবং ইউনিয়ন পরিষদের অসাধু জনপ্রতিনিধিদের একটি অংশ গোপনে বরাদ্দের চাল পাইকারদের কাছে বিক্রি করে দেন। পরে এসব চাল ব্যবসায়ীদের গুদামে মজুত করা হয়। ফলে সরকারি সহায়তার প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন।
উদ্ধার করা চালের বস্তায় ‘খাদ্য অধিদপ্তরের’ লেখা থাকায় চালগুলোর উৎস ও গুদামে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর সঙ্গে কোনো ডিলার, জনপ্রতিনিধি বা অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযান চালিয়ে ফরমান নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব সরকারি চাল
উদ্ধার করা হয়েছে। এ সময় ফরমান আলীকে আটক করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা ২১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।







আপনার মতামত লিখুন
Array