মির্জাপুরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
মির্জাপুরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

টাঙ্গাইলের মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

তরফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজ রেজার বাবা মরহুম হাজী হোসেন সিকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিকদার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহজাহান সিরাজ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসাসেবা ক্যাম্পে মেডিসিন, চর্ম, যৌন, ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ (গাইনি), শল্যচিকিৎসা (সার্জারি) এবং চক্ষু বিষয়ে পাঁচ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।