ধনবাড়ীতে ফসলি জমির মাটি কাটার উৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ধনবাড়ীতে ফসলি জমির মাটি কাটার উৎসব

সরকারি আইন অমান্য করে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী গ্রামের দুটি পয়েন্টে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। ইট পোড়ানোর মৌসুম শুরু হওয়ায় তিন ফসলি কৃষি জমির উর্বর মাটি অবাধে কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।

স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ৪ থেকে ৫ ফুট গভীর করে এই মাটি প্রতিনিয়ত বিক্রি করছেন।

অভিযোগ উঠেছে এক জমির মাটি কাটায় সেটি নিচু হয়ে যাওয়ায় পাশের কৃষককেও বেকায়দায় ফেলে তার জমির মাটি বিক্রি করতে একপ্রকার বাধ্য করছেন মাটি ব্যবসায়ীরা।

এই মাটি শুধু দিনের বেলায় নয়, বরং রাতের আঁধারেও ভেকু দিয়ে কেটে ড্রাম ট্রাক যোগে ধনবাড়ীসহ পাশের উপজেলা ঘাটাইল, সরিষাবাড়ী ও মধুপুরের বিভিন্ন ইটের ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কসহ পাকা রাস্তার চরম ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।

ধনবাড়ীর বানিয়াজান এলাকার বাসিন্দা মো. স্বপন মিয়া, মো. দুলাল হোসেন এবং যদুনাথপুরের মো. আব্দুল বাতেন, মো. আব্দুর রশিদ ও কৃষক মো. সোহরাব আলীসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, স্থানীয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন। তারা এই মাটি কাটা বন্ধে দ্রুত উপজেলা ও টাঙ্গাইল জেলা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করেন এবং একজনকে অর্থদণ্ড প্রদান করেন।

তবে স্থানীয়দের দাবি, প্রশাসন চলে যাওয়ার পর আবারও পুরো উদ্যমে মাটি কাটা শুরু হয়েছে এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে।