কোর্ট কমিশনারের বিচার দাবিতে সখীপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
কোর্ট কমিশনারের বিচার দাবিতে সখীপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

টাঙ্গাইলের কোর্ট কমিশনার আব্দুল লতিফের বিচার দাবিতে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল দুপুরে পৌর শহরের তালতলা চত্বর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন লাগোয়া একতলা একটি দোকানের জমির মালিকানা নিয়ে মামলার একতরফা তদন্তের প্রতিবাদে ওই কর্মকর্তার বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে কয়েকশ বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময় সখীপুর-ঢাকা ও সখীপুর-সাগরদিঘী সড়কে যানজট তৈরি হয়।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী আবদুল আজিজ তালুকদার সখীপুর মৌজার ১০৮ দাগের ১ শতাংশ জমির মালিকানা দাবিতে টাঙ্গাইলের সখীপুর সহকারী জজ আদালতে মামলা করেন। বাদী ওই ১ শতাংশ জমির ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করলে আদালত সিভিল কোর্ট কমিশনারকে তদন্তের দায়িত্ব দেন। সিভিল কোর্ট কমিশনার আবদুল লতিফ আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ১৭ জানুয়ারি সরেজমিনে তদন্তে সখীপুর আসেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিভিল কোর্ট কমিশনার আবদুল লতিফ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে সরেজমিন তদন্ত করা হয়েছে। প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও ইউএনও আবদুল্লাহ আল রনী স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘খোঁজখবর নিয়ে অবশ্যই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’