নাগরপুরে শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত, থানায় মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
নাগরপুরে শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত, থানায় মামলা

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ রসিকতাকে কেন্দ্র করে গোলাম মিরাজ সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মেয়ে মিতু বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি বিকেলে উপজেলার তেবাড়িয়া গ্রামে গোলাম মিরাজ সিদ্দিক প্রতিবেশী ও শ্যালক জয়নাল খানকে (৪৫) উদ্দেশ্য করে একটি রসিকতা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল খান ওই দিনই বিকেলে গোলাম মিরাজকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন।

আহত গোলাম মিরাজকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে টাঙ্গাইল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জানুয়ারি তিনি মারা যান।

এদিকে মামলা দায়েরের পর থেকেই বাদী পক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার জানায়, ঘটনার পর থেকে পলাতক জয়নাল খান মোবাইলের মাধ্যমে বাদী মিতুসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে পুরো পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।