নাগরপুরে দুটি মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ করল জাতীয় সাংবাদিক সংস্থা
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে দুটি মসজিদে ‘মুর্দা মশারী’ প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট।
মঙ্গলবার দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নাগরপুর কাঁচাবাজার জামে মসজিদ ও চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমামদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, মৃত্যু মানবজীবনের এক অনিবার্য সত্য এবং একজন মুসলমানের শেষ বিদায় যেন যথাযথ সম্মানের সাথে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় জানাজার পূর্বে মরদেহ সংরক্ষণে প্রয়োজনীয় উপকরণের অভাব দেখা দেয়। মুর্দা মশারী থাকলে মরদেহ মাছি ও পোকামাকড়ের উপদ্রব থেকে সুরক্ষিত থাকে, যা মরহুমের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক বলে তাঁরা উল্লেখ করেন।
সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত ইমাম ও মুসল্লিরা। তাঁরা জানান, সাংবাদিকতার পাশাপাশি এমন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এ সময় সমাজের বিত্তবানদেরও এ ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মশারী বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম এবং কার্যকরি সদস্য মো. জাকির হোসেন। এছাড়া নাগরপুর প্রেসক্লাবের সদস্য শহিদুল হক এলিছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।








আপনার মতামত লিখুন
Array