ইরানে হামলা শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজে হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ইরানে হামলা শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজে হামলা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর সৃষ্ট যুদ্ধের পরিধি ক্রমে ব্যাপ্ত হচ্ছে। হামলার জেরে তেহরান মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলা চালিয়েছে ইসরায়েল ও সাইপ্রাসে। আশঙ্কাজনকভাবে এ যুদ্ধ সীমিত না হয়ে ক্রমে আরও ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার শ্রীলঙ্কার কাছে সাবমেরিন থেকে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ সাগরে তলিয়ে গেছে। এতে ৮৭ জন নিহত ও ৬১ জন নিখোঁজ হয়েছেন। ৩২ জনকে উদ্ধার করা হয়।

ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরের ওপর থেকে ঠেকিয়েছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক বলছে, ক্ষেপণাস্ত্রটি তাদের দেশের অভিমুখে যাচ্ছিল। সমুদ্রে সংঘাত পর্যবেক্ষক সংস্থা এসিএলইডি বলেছে, গত দুদিনে বিভিন্ন সাগরে তারা অন্তত ছয়টি ঘটনা লক্ষ্য করেছে, যেগুলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধসংশ্লিষ্ট। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওমান উপসাগর, পারস্য উপসাগর ও বাহরাইনের জলসীমায় হামলা হয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কার কাছে ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলার ঘটনা দক্ষিণ এশিয়াকেও যুদ্ধের পটভূমিতে নিয়ে এলো।
রয়টার্স লিখেছে, পারস্য-মধ্যপ্রাচ্য থেকে কয়েকশ মাইল দূরে এ হামলার ঘটনা যুদ্ধক্ষেত্রের ব্যাপ্তিকে ইঙ্গিত করে।

গতকাল ইরানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পঞ্চম দিন পর্যন্ত নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায়। হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনস্যুলেটেও। সেখানে বিস্ফোরণ ও ধোঁয়া উড়তে দেখা গেছে। হামলা হয়েছে ইসরায়েলে। তেল আবিবে সাইরেন বেজে উঠলে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন বাসিন্দারা। গতকাল হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত দুই সেনা সদস্য আহত হন।

যুদ্ধের তীব্রতার মধ্যে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তিন দিনের অনুষ্ঠান গতকাল বুধবার শুরু হওয়ার কথা ছিল। নতুন নেতা হিসেবে সবার আগে নাম আসছে খামেনিপুত্র মোজতবার। তবে নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যিনি খামেনির স্থলাভিষিক্ত হবেন, তাঁকেই লক্ষ্যবস্তু করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। খামেনি অফিসে বসে দাপ্তরিক কাজ করার সময় এ হামলা হয়। তাঁর মেয়ে, জামাতা ও নাতিও হামলায় নিহত হন। একই দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ১৬০ জনের বেশি মেয়েশিশুকে হত্যা করে।
ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা এক হাজার ৪৫ জনে পৌঁছেছে।

শ্রীলঙ্কার কাছে ইরানের যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮৭, নিখোঁজ ৬১
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে মার্কিন সাবমেরিন থেকে হামলার পর ইরানের নৌবাহিনীর জাহাজ আইআরআইএস ডেনা ডুবে গেছে। শ্রীলঙ্কা নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় ৮৭ জন নিহত হয়েছে ও ৬১ জন নিখোঁজ। ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতের সঙ্গে মহড়া শেষে ইরানের দিকে রওনা করা জাহাজটিতে সব মিলিয়ে ১৮০ জন আরোহী ছিলেন। ভারতই এ মহড়ার আয়োজন করেছিল, যা ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গপোসাগরে অনুষ্ঠিত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো দিয়ে যুক্তরাষ্ট্র এ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। হেগসেথ বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ‘একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে, যারা আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিরাপদ মনে করেছিল। একটি টর্পেডো দিয়ে এটি ডুবিয়ে দেওয়া হয়েছে।’ ভিডিও ফুটেজে দেখা যায়, বিশাল বিস্ফোরণে জাহাজটি ধ্বংস হয়ে যায়। পানি কয়েকশ ফুট ওপরে উঠে যায়। সৃষ্টি হয় বড় ঢেউ।

শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে, তারা গতকাল ভোরে ইরানের নৌবাহিনীর জাহাজ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেন। নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ বিবিসিকে বলেন, ‘ঘটনাস্থল আমাদের অনুসন্ধান ও উদ্ধার এলাকার মধ্যে পড়ে। তাই আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী সাড়া দেওয়া বাধ্যতামূলক ছিল।’ তিনি বলেন, ‘আমরা পানিতে ভাসমান কিছু লোককে দেখি। তাদের উদ্ধার করি। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারি– তারা ইরানের একটি জাহাজের সদস্য।’

মুখপাত্র আরও বলেন, উদ্ধার অভিযান শুরুর সময় তারা জাহাজটি দেখতে পাননি। তবে পানিতে তেলের স্তর এবং ভাসমান লাইফ র‍্যাফট দেখতে পেয়েছেন। আইআরআইএস ডেনা একটি মজ-শ্রেণির ফ্রিগেট, যা বিশাখাপত্তনমে মিলান-২০২৬ বহুজাতিক নৌ মহড়ায় অংশগ্রহণের পর ইরানে ফিরে যাচ্ছিল।
শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা ডা. অনিল জাসিংহে বলেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক; সাতজনকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের সামান্য আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলা-পাল্টা হামলায় ভয়াবহ দিন
হামলা-পাল্টা হামলায় ভয়াবহ হয়ে ওঠে যুদ্ধের পঞ্চম দিন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল তেহরানসহ বিভিন্ন শহরে একাধিক বিমান হামলা চালায়। বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত তারা ইরানজুড়ে দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে আছে– মেয়েদের স্কুল, ঐতিহাসিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ও নেতাদের বাসভবন। জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে তেল আবিব ও জেরুজালেমের মতো ইসরায়েলের শহর, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতারকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি ক্ষেপণাস্ত্র কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে; অপরটি মার্কিন বিমানঘাঁটি আল উদেইদ থেকে প্রতিহত করা হয়েছে।

দুবাইয়ের ইউএস কনস্যুলেট থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে
গত মঙ্গলবার বিকেলে দুবাইয়ে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালায়। বিবিসি জানায়, গতকাল বুধবারও সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে। একটি ফুটেজে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটের ওপর আছড়ে পড়েছে। আরেক ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
গত মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের নিশ্চিত করেন, একটি ড্রোন কনস্যুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে আঘাত করেছে। তিনি বলেন, ‘আমাদের সব কর্মী নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে।’

আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: খামেনির উপদেষ্টা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টা গতকাল বলেছেন, তারা ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা রাখেন না; তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।’ মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেন, ‘মার্কিনিদের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।’

একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাচ্ছে কুয়েত
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির সেনাবাহিনী গতকাল লিখেছে, ঢেউয়ের মতো একের পর এক আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা ও প্রতিহত করছেন তারা।

ট্রাম্প আলোচনাকে ‘রিয়েল এস্টেট লেনদেন’ হিসেবে দেখেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ডোনাল্ড ট্রাম্প ‘হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন’ বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক মাধ্যমে এক নতুন পোস্টে তিনি লেখেন, ‘পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না।’ তিনি লিখেছেন, ‘ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’ আরাঘচি লিখেছেন, ট্রাম্প ‘কূটনৈতিক সম্পর্ক ও যারা তাঁকে নির্বাচিত করেছে, সেই মার্কিনিদের সঙ্গে প্রতারণা করেছেন।’

ইরানের স্কুলে হামলায় শিশু নিহতে জাতিসংঘ ‘গভীরভাবে উদ্বিগ্ন’
বিবিসি জানায়, দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমা হামলায় দেড় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিন গত শনিবার মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে এ হামলা হয়। এই মেয়েদের বয়স ছয় থেকে ১১ বছরের মধ্যে।
জাতিসংঘের শিশু অধিকার কমিটি বলেছে, ‘এটি একটি স্মরণ করিয়ে দেয় যে, সশস্ত্র সংঘাতে শিশুরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।’ বিবৃতিতে জাতিসংঘ এ হামলার জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নিন্দা জানায়নি।

লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় আরও ১১ জন নিহত
ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের শহরতলির একটি হোটেল ও পূর্ব লেবাননের একটি আবাসিক কমপ্লেক্সে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ইসরায়েলি বাহিনী বৃহত্তর বৈরুতের অংশ হাজমিয়েহ ও বাবদার সীমান্তে কমফোর্ট হোটেলে বোমা হামলা চালায়। আলজাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, একটি ভবনের জানালা ও দেয়াল ভেঙে গেছে। সর্বত্র ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বৈরুত থেকে রিপোর্ট করা আলজাজিরার হেইডি পেট বলেন, আক্রমণটি কোনো সতর্কতা ছাড়াই ঘটেছে, যা ইঙ্গিত দেয়– এটি একটি হত্যার চেষ্টা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৭২ জন নিহত ও ৪৩৭ জন আহত হয়েছেন।

হরমুজ বন্ধ থাকায় পারস্য উপসাগরে আটকা ২০০ তেলের ট্যাঙ্কার
সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি ফার্সি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর এখন পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাঙ্কার আটকে রয়েছে। ইরানের আইআরজিসি ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রায় ৬০টি সুপারট্যাঙ্কার, যা বৈশ্বিক বহরের প্রায় ৮ শতাংশ সেখানে আটকে আছে। এতে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে পৌঁছেছে।

ইরান ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছে, বলছেন হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে সাংবাদিকদের বলেছেন, ‘ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প শেষ হাসি হেসেছেন।’ বিবিসি জানায়, গত মঙ্গলবার তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ট্রাম্পের হত্যার চেষ্টাকারী ইউনিটের নেতাকে হত্যা করেছে।’ ২০২৪ সালে মার্কিন সরকার ট্রাম্পকে হত্যার জন্য ইরানের ষড়যন্ত্রের অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে।

ইউনেস্কো সাইটে হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলছে ইরান
তেহরানের একটি ঐতিহাসিক কমপ্লেক্সের একাংশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ করার অভিযোগ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, একটি ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানীর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গোলেস্তান প্রাসাদের ক্ষতি করেছে। বাঘাই এক্সে একটি পোস্টে বলেন, এটি ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলার লক্ষ্যে একটি জঘন্য অপরাধ। গত সোমবার হামলায় স্থানটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

তুরস্কের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ঠেকাল ন্যাটো
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ⁠ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে। আলজাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কোন লক্ষ্যে ছোড়া হয়েছিল, তা স্পষ্ট নয়। গতকাল বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকি ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হতে দেখা গেছে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থাগুলো সময়মতো তা নিষ্ক্রিয় করে ফেলে। কেউ হতাহত হননি।

ইরানে যুদ্ধ বন্ধের উপায় জানা নেই ট্রাম্পের
অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস বলেছেন, ইরানে ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত কাঙ্ক্ষিত ফলাফল এখনও অস্পষ্ট। ফ্রাঙ্কফুর্ট থেকে আলজাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে হিজেস বলেন, হামলা চালানোর জন্য বিভিন্ন যুক্তি দেওয়া হলেও আমরা এখনও জানি না প্রেসিডেন্টের শেষ খেলা কী। তিনি বলেন, ‘আমি কখনও প্রেসিডেন্ট বা তাঁর প্রশাসনকে বলতে শুনিনি– কাঙ্ক্ষিত শেষ অবস্থা এটি।’

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ইরান থেকে আসেনি, বলছে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি লক্ষ্য করে যে ড্রোনটি চালানো হয়েছিল, তা ইরান থেকে পাঠানো হয়নি। তবে আক্রমণটি কোথা থেকে এসেছে, স্পষ্ট করে বলা হয়নি। যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ সাইপ্রাসে ১৯৬০ সালের পর থেকে দুটি ঘাঁটি রয়েছে। সামরিক সুযোগ-সুবিধা ছাড়াও এখানে কর্মীদের পরিবারের সদস্যরা রয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগের কথা বলার পর গত সোমবার হামলাটি ঘটে।

ইরানে হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের
ইরানে হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে– এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।

ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গত মঙ্গলবার এ তথ্য জানান। কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন। দ্য নিউইয়র্ক টাইমস লিখেছে, অ্যাডমিরাল কুপার ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করার দাবি করেছেন।

সবচেয়ে উন্নত অস্ত্র এখনও হাতেই আছে: ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের এবং তারা এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়া ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। তিনি বলেন, ‘যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা সব উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।’

ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের
আলজাজিরা জানিয়েছে, ইরানে হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ট্রাম্প যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘স্পেনের আচরণ অত্যন্ত ভয়াবহ।’

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে সিনেটে ভোটাভুটি হবে
ইরানে আরও সামরিক পদক্ষেপের আদেশের ক্ষমতা সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি যুদ্ধ প্রস্তাবের ওপর মার্কিন সিনেটে ভোটাভুটি হতে চলেছে। কংগ্রেস অভিযান অনুমোদন না করলে এ পদক্ষেপের জন্য সংঘাত থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রয়োজন হবে। তবে বিবিসি লিখেছে, আগে এ ধরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার কতটা সাফল্য আসে, দেখার বিষয়। ডেমোক্র্যাটদের যুক্তি– ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন।

সংবাদটি samakal.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।