ঘাটাইলে বিলুপ্তপ্রায় বসন্তের রূপকন্যা শিমুল ফুল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঋতুরাজ বসন্তের আগমনে শিমুল ফুলে লাল হয়ে উঠেছে প্রকৃতি। গাছে গাছে ফুটে থাকা রক্তিম শিমুল ফুলে চারপাশ যেন সেজেছে এক রঙিন রূপে। নয়নাভিরাম শিমুল ফুল আর পাখিদের মিলনমেলায় প্রকৃতি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত।
ফাল্গুন মাসজুড়ে শিমুল ফুল লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলাচ্ছে। দূর থেকে তাকালে মনে হয় যেন কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে প্রকৃতির বুকে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয়, জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। তবে মানুষের গুরুত্বহীনতায় মূল্যবান এই গাছটি এখন প্রায় বিলুপ্তির পথে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন অঞ্চলের গ্রাম-গঞ্জে এখন শিমুল গাছে লাল ফুলের সমারোহ দেখা মিলছে। নদীর তীর, গ্রামের মেঠোপথ ও বনাঞ্চলে শিমুল গাছের সৌন্দর্য নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের।
প্রকৃতিপ্রেমীদের মতে, শিমুল ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুল থেকে মৌমাছির দল মধু সংগ্রহ করে, যা পরাগায়নে সহায়তা করে। শুধু সৌন্দর্য আর মধুই নয়, শিমুল গাছের তুলা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।
শিমুল গাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না, এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্ব বহন করে। শিমুল গাছের ছাল ঘা সারাতে সহায়তা করে। রক্ত আমাশয় দূর করে। ছাল ফোড়ার উপর প্রলেপ দিয়ে উপকার পাওয়া যায়। শিমুল তুলা খুবই ভালো, এ দিয়ে তৈরি বালিশ বা অন্যান্য জিনিস খুব নরম হয়।
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় এখনো গাছে গাছে শোভা পাচ্ছে শিমুল ফুল। তবে আগের তুলনায় তা অনেক কম। শহর অঞ্চলে তো শিমুল গাছের অস্তিত্ব নেই বললেই চলে।
চৈত্র মাসের শেষের দিকে শিমুল গাছে ফল ধরে। বৈশাখ মাসের দিকে ফল পেকে শুকিয়ে গেলে বাতাসে আপনা-আপনিই ফল ফেটে তুলার সাথে বীজ উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। সেই ছড়িয়ে পড়া বীজ থেকেই প্রাকৃতিকভাবে জন্ম নেয় নতুন শিমুল গাছ।
কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন আর তেমন চোখে পড়ে না শিমুল গাছ। নির্বিচারে শিমুল গাছ নিধন এবং নতুন চারা রোপণ না করার কারণে এ অঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্ত হওয়ার পথে। শিমুল গাছ রক্ষায় সরকারি নজরদারি বাড়ানো দরকার এবং সংরক্ষণে কৃষি বিভাগসহ পরিবেশবাদী সংগঠনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, একসময় আবহমান বাংলায় শিমুল তুলা প্রচুর ব্যবহার হতো। আধুনিকায়নের ফলে শিমুল তুলার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। যে কারণে এখন আর কেউ শিমুল গাছ লাগাতে আগ্রহী নয়। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে শিমুল গাছের প্রতি যত্নশীল হতে হবে।






আপনার মতামত লিখুন
Array